কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের চতুর্থ দফায় আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে চার দফার অভিযানে জেলায় মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
চতুর্থ দফার অভিযানে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যাচাইয়ে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অভিযানও চলমান থাকবে।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে তিন দফার অভিযানে ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আর সংশ্লিষ্টতা না পাওয়ায় অন্যদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।



মন্তব্য করুন