মঞ্চে অভিনয় ও নাট্যনির্দেশনায় দীর্ঘদিনের পরিচিত মুখ ত্রপা মজুমদার। মঞ্চের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। একই সঙ্গে একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও সামলাচ্ছেন এই অভিনেত্রী।

কর্মজীবনে নানা সাফল্য থাকলেও ত্রপা মজুমদারের মনে রয়ে গেছে একটি অপূর্ণতা, এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করা হয়নি তার। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে নিজের সেই আক্ষেপের কথা জানান তিনি।

ত্রপা বলেন, বর্তমান সময়ে দারুণ সব সিনেমা নির্মিত হচ্ছে। পর্দায় সেসব কাজ দেখে তারও চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা আরও বেড়ে যায়। বড় পর্দায় কবে অভিনয়ের সুযোগ পাবেন, তা জানেন না তিনি। তবে চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা নেওয়ার জন্য তিনি অপেক্ষায় আছেন।

পডকাস্টে ত্রপা মজুমদার তার কিংবদন্তি বাবা-মা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে নিয়েও বেশ কিছু ব্যক্তিগত ও না বলা কথা তুলে ধরেছেন। দীর্ঘদিনের শিল্পীজীবন, পরিবার এবং নিজের অভিনয়যাত্রা নিয়ে তার নানা অভিজ্ঞতা উঠে এসেছে অনুষ্ঠানে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এই পডকাস্টটি ৩ অক্টোবর শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে। অনুষ্ঠানে ত্রপা মজুমদারের অভিনয়জীবনের পাশাপাশি উঠে আসবে তার ব্যক্তিজীবনের নানা অজানা গল্পও।