ছুটি কাটাতে গিয়ে বালিতে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
নুসরাতের শারীরিক অবস্থা পর্যালোচনা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, নুসরাতের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। এ কারণে তাকে বালি থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মুম্বাইয়ে পৌঁছানোর পরই অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
অস্ত্রোপচারের পর নুসরাতকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হতে পারে। ফলে আগামী কয়েক সপ্তাহের পেশাগত কাজেও এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে তার টিম।
এরই মধ্যে টাইগার শ্রফ অভিনীত একটি নতুন অ্যাকশন সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত। রেমো ডি’সুজা পরিচালিত এই ছবির মাধ্যমে প্রথমবার টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার কথা রয়েছে তার।
২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নুসরাত ভারুচার। পরে ‘লাভ, সেক্স অউর ধোকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা ২’ এবং ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।

মন্তব্য করুন