৬৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। দীর্ঘ সময় সম্পর্কটি অনেকটাই আড়ালে রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
গত ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’-কে জিম ক্যারির মুখপাত্র তাদের বিয়ের খবর নিশ্চিত করেন। তবে কবে, কোথায় কিংবা কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের খবর অবশ্য আগে থেকেই ঘনিষ্ঠ মহলে ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। সেখানে প্রকাশ্যেই মিন আহকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন জিম ক্যারি। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে পরিবার, মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা জানানোর পাশাপাশি মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ বলে উল্লেখ করেন তিনি।
মিন আহকে উদ্দেশ করে সে সময় জিম বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ তার এই বক্তব্যের সময় মেয়ে, নাতি ও মিন আহ—তিনজনই দর্শকদের কাছ থেকে করতালি পান।
জিম ও মিন আহ ঠিক কবে থেকে সম্পর্কে রয়েছেন, তা তারা কখনো প্রকাশ্যে জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে একটি দাতব্য কৌতুক অনুষ্ঠানের পর দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে জিম ক্যারির জীবনে আরও দুটি বিয়ে হয়েছে। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান জেন ক্যারি। প্রায় আট বছর সংসারের পর ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। পরের বছর ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। সেই সংসারও এক বছরের মধ্যে ভেঙে যায় এবং ১৯৯৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

মন্তব্য করুন