ছবি: -সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ইরানের জব্দ করা অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এসব অর্থ ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার (৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিপুল পরিমাণ সম্পদ ও অর্থ জব্দ করে রেখেছে। সেই তহবিলের একটি অংশ ব্যবহার করে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের বিভিন্ন হামলায় উপসাগরীয় অঞ্চলের যেসব স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট তার টিমকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রগুলো বলছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য ইরানের জব্দ করা অর্থ ব্যবহার করা হলে তা উপসাগরীয় আরব দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আঞ্চলিক সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে।