আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।
আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ মডেলের একটি ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করেন রেভল্যুশনারি গার্ডের সদস্যরা। এমকিউ-৯ ড্রোন গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়।
তবে ড্রোন ভূপাতিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে ইরানের এই দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-চলাচল কার্যত ব্যাহত হয়। পরবর্তী সময়ে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।
জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জলপথটির নিরাপত্তা ও পরিচালনা নিয়ে দুই পক্ষের মতপার্থক্যের কারণে সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া থমকে যায়।
ফার্স নিউজের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আইআরজিসি যুক্তরাষ্ট্রের মোট ৫৪টি ড্রোন ধ্বংস করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন এই দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়াতে পারে।

মন্তব্য করুন