কনসার্ট সফরের ব্যস্ততা, তবু বিশেষ দিনে স্ত্রীর পাশে থাকতে ভুললেন না নিক জোনাস। কারওয়া চৌথ উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সময় কাটাতে সফর থেকে বাড়ি ফিরেছেন এই মার্কিন সংগীতশিল্পী। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নিজের অনুভূতি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে কারওয়া চৌথ উদযাপন করেন নিক-প্রিয়াঙ্কা দম্পতি। ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে পরিবারের বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে নিকের পাশাপাশি দেখা যায় তাঁদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও।
পোস্টের ক্যাপশনে প্রিয়াঙ্কা জানান, কারওয়া চৌথের গুরুত্ব বুঝে নিক নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। এ জন্য তাঁকে কিছু বলতেও হয়নি। স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার মানুষটির মতো কেউ নেই। এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।’
বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে কনসার্ট সফরে ব্যস্ত নিক। সেই ব্যস্ততার মধ্যেও স্ত্রীর বিশেষ দিনে পাশে থাকার সিদ্ধান্ত ভক্তদের নজর কেড়েছে।
২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন নিক ও প্রিয়াঙ্কা। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যা মালতি মেরির জন্ম হয়।

মন্তব্য করুন