রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও তিনটি ককটেল উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা, কী উদ্দেশ্যে বিচারকের বাসার সামনে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনাটি ঘিরে তদন্ত চলছে। বিচারকের বাসার সামনে এমন বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।