ইউক্রেনের সাধারণ মানুষের জন্য তৈরি বিমান হামলার সতর্কতা অ্যাপ সাইবার হামলার শিকার হয়েছে। এতে অল্প সময়ের জন্য রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে পারমাণবিক ও রাসায়নিক হামলার সতর্কবার্তা ছড়িয়ে পড়ে। এমনকি রাস্তায় সংঘর্ষের আশঙ্কা এবং রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েনের মতো ভুয়া তথ্যও দেখানো হয় অ্যাপটিতে।

রোববার (১ নভেম্বর) ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে অ্যাপটি হ্যাক হওয়ার তথ্য জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, বিমান হামলার সতর্কতা অ্যাপে শত্রুপক্ষের প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশে তেজস্ক্রিয়তার কোনো হুমকি নেই। এ সময় জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।

পরে অ্যাপটিতে প্রদর্শিত অস্বাভাবিক ও ভুয়া বার্তাগুলো সরিয়ে ফেলা হয়। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় জানায়, ঘটনার সময় অ্যাপটি সাময়িকভাবে বন্ধ ছিল। তবে জনগণকে সতর্ক করার বিকল্প মাধ্যম এবং বিমান হামলার সাইরেন সচল ছিল।

এদিকে আলাদা একটি ঘটনায় রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপও বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। সোমবার ভোরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, এই হামলার ফলে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে।

তবে ইউক্রেন ও রাশিয়ার সরকারি অ্যাপে সংঘটিত এই দুটি সাইবার হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেনে বিমান হামলার সতর্কতা অ্যাপ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি ব্যবস্থায় ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।