যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে বড় চাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন জরিপে তার প্রতি জনসমর্থন নেমে এসেছে মাত্র ৩২ শতাংশে। একই সঙ্গে কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের প্রতি ভোটারদের সমর্থন বেশি দেখা গেছে।

সোমবার, ২ নভেম্বর প্রকাশিত রয়টার্স ও ইপসোসের জরিপে উঠে এসেছে এসব তথ্য। জরিপ অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩২ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৪৬ শতাংশ। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ ভোটার।

মঙ্গলবার, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন রিপাবলিকানদের বড় চ্যালেঞ্জ। নির্বাচনে ট্রাম্পের নাম না থাকলেও পুরো প্রচারণায় দলীয় প্রার্থীদের পক্ষে সরব ছিলেন তিনি।

ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, তারা যেন তাকে ভোট দিচ্ছেন—এমনটা মনে করেই ভোটকেন্দ্রে যান। একই সঙ্গে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে ইরান সংঘাত ও অর্থনৈতিক চাপের বিষয়টিও সামনে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানকে ঘিরে সংঘাতের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এদিকে, নির্বাচনের আগে টানা এক মাস প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। সোমবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল এলাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ করেন প্রচার।

শেষ প্রচারে ট্রাম্প স্বীকার করেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টদের জন্য মধ্যবর্তী নির্বাচনে জয় পাওয়া সাধারণত কঠিন। তবে দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।