রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
বার্তা সংস্থা কিয়োদোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আইচি ও শিজুওকা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হামামাতসু শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
জাপানের টেলিভিশনে প্রচারিত ছবিতে বিভিন্ন দোকানের ভাঙা কাচ সড়কে ছড়িয়ে থাকতে দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে অসংখ্য বই মেঝেতে পড়ে যায়। অন্যদিকে, আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে সিঁড়িতে পড়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে কয়েকটি স্থানীয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কমানো হয়েছে শিনকানসেন বুলেট ট্রেনের গতিও। টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী তোয়কাইদো শিনকানসেন লাইনে ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।

মন্তব্য করুন