জনপ্রিয়তা নয়, বরং ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই দেশটির বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, রুবিওর মতে, যুদ্ধ শুরুর সিদ্ধান্তটি জনপ্রিয় না হলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ছিল।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছ থেকে একটি বাস্তব হুমকি চিহ্নিত করেছিলেন। দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা বন্ধ করতেই তিনি পদক্ষেপ নিয়েছেন।

রুবিও আরও বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এসব সিদ্ধান্ত সবসময় জনপ্রিয় না হলেও প্রয়োজনীয় হতে পারে।

এদিকে ইরান যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কিংবা জাহাজ চলাচলের ক্ষেত্রে তাৎক্ষণিক ও স্পষ্ট কোনো হুমকি তৈরি হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।

প্রয়োজনে এ অঞ্চলে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মার্কো রুবিও।