যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা শুরু করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটন আবার হামলা চালালে যুক্তরাষ্ট্রের ওপর ‘নরক নামিয়ে আনবে’ তেহরান। একই সঙ্গে আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন আলোচনার প্রস্তাব দিয়েছে ইরান।গত রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আব্বাস আরাগচি। তিনি জানান, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব এখনো বহাল রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তাবের শর্ত মেনে চললে আলোচনায় অগ্রগতি সম্ভব।

অন্যদিকে, ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হবে কি না, সে বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি শক্তিশালী চুক্তি হয় কি না, তার ওপর যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। তবে প্রয়োজন হলে আবারও হামলা চালানোর বিকল্প খোলা রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি যেকোনো সময় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এসব রণতরি ব্যবহার করে ইরানে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা হবে।

এ ছাড়া ইরানের ৩৮টি সেতু যুক্তরাষ্ট্রের নিশানায় রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে এসব সেতু ধ্বংস করতে সক্ষম।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আব্বাস আরাগচির আরেকটি কঠোর বার্তা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ইরানে আবার হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান।

এর আগে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

একই সময়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। প্রতিপক্ষ কোনো ভুল করলে তার জবাব হবে কঠোর।

তিনি আরও দাবি করেন, রমজান যুদ্ধের পর ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে এবং আগামী কয়েক বছরের জন্য প্রয়োজনীয় অস্ত্র মজুত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিজয়ের কারণে দুই দেশের মধ্যে আলোচনা পিছিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আরাগচি। ফলে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।