রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। পার্লামেন্ট নেসেটের ৬৭ সদস্য তার প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন সদস্য। তবে এই সমর্থনকে কার্যকর সরকার গঠনের মতো স্থিতিশীল জোটে রূপ দেওয়া এখন আইজেনকোটের জন্য বড় চ্যালেঞ্জ।
ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি এবং আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে অতিরিক্ত সমর্থন জোগাড় করতে হবে দুই পক্ষকেই।
আইজেনকোটের সামনে সবচেয়ে বড় বাধা অতি-রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমকে জোটে আনা। এসব দল অতি-অর্থোডক্স পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধী। অথচ আইজেনকোটের শিবির এ ব্যবস্থা কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে।
বিকল্প হিসেবে আরব দলগুলোর সমর্থন নেওয়ার সুযোগ থাকলেও এ নিয়েও জোটের ভেতরে মতবিরোধ রয়েছে। ডানপন্থী নেতা আভিগদোর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, সরকার গঠনে আরব দলগুলোর ওপর নির্ভর করতে তিনি রাজি নন।
এদিকে, আইজেনকোট বলেছেন, ইসরায়েল এখন জাতীয় জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই সংকট মোকাবিলায় প্রথার বাইরে গিয়ে হলেও একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা প্রয়োজন।
সরকার গঠনের জন্য আইজেনকোট চার সপ্তাহ সময় পেয়েছেন। প্রয়োজনে আরও দুই সপ্তাহ সময় বাড়ানো যাবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভক্ত বিরোধী শিবিরকে একত্র করা এবং আদর্শগত বিরোধ মিটিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা।

মন্তব্য করুন