জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে ৫৬টি খাল রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৭টি খাল রয়েছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানান, খাল ও পুকুরের জায়গা উদ্ধার করে সেগুলোর সীমানা নির্ধারণ এবং দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়তা মিলবে।
ডিএসসিসি এলাকায় মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাবো, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, কালুনগর, ধোলাইখাল ও শ্যামপুরসহ ২৭টি খাল রয়েছে। এর মধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্প চলমান। অন্যদিকে ডিএনসিসি এলাকায় কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী ও মহাখালীসহ ২৯টি খাল রয়েছে। প্রাথমিকভাবে এসবের মধ্যে ১০টি খাল দখলমুক্ত করার কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন খালের জায়গা দখল করে বসতবাড়ি, বহুতল ভবন, দোকানপাট, মার্কেট, গ্যারেজ, কারখানা ও গুদাম নির্মাণ করা হয়েছে। এতে অনেক খালের পানিপ্রবাহ সংকুচিত হয়ে পড়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, খালে বর্জ্য ফেলে পানি দূষণ কিংবা পরিবেশের ক্ষতি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ বলেন, খাল ভরাটের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বৃষ্টির সময় জলাবদ্ধতা বাড়ছে। তার মতে, খাল উদ্ধার করার পাশাপাশি পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুর পুনরুদ্ধার করা গেলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি জলাধারের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্য করুন