জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বিশ্বকে রক্ষার লড়াইয়ে এবার আন্তর্জাতিক উদ্যোগের অংশ হলো বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের মতো উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ বা এএমআই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এই উদ্যোগে ২৬তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।

এর আগে শুক্রবার সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী। এ সময় এএমআই উদ্যোগের সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি কমানো এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত হয়েছে।

কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই জোট?

বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুত গলে যাচ্ছে হিমবাহ ও বরফস্তর। বিশেষ করে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে বাড়তে পারে উপকূলীয় প্লাবন, লবণাক্ততা এবং কৃষিজমি ও বসতভিটা হারানোর আশঙ্কা।

এএমআই জোটে যুক্ত হওয়ার ফলে হিমবাহ গলনের বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারেও ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার দাবি জানিয়ে আসছে।

বিশ্বের জলবায়ু সংকট মোকাবিলায় এই নতুন অংশগ্রহণ বাংলাদেশের কূটনৈতিক ও পরিবেশগত উদ্যোগকে আরও বিস্তৃত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।