শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব সমস্যা তুলে ধরেন চট্টগ্রাম শেডের সহকারী লোকোমাস্টার অনিক বি. সৈকত।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি দাবি করেন, দোহাজারীর পর নতুন রেলপথের বিভিন্ন স্থানে প্রায় ২০০ মিটার পরপর অবৈধ ক্রসিং রয়েছে। ইসলামাবাদ থেকে কক্সবাজার অংশে কোথাও কোথাও মাত্র ১০০ মিটার ব্যবধানেও এমন ক্রসিং দেখা যায়।
তিনি জানান, গত এক মাসে দোহাজারীর পর ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের দুই শিশুসহ চারজন প্রাণ হারান।
লোকোমাস্টারের অভিযোগ, অনেক অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের চালক ট্রেন আসার পরও রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এমনকি ট্রেনের হুইসেল শুনেও অনেকে সতর্ক হন না। পাশাপাশি রেললাইনের ওপর পাথর রাখা এবং শিশু ও বয়স্কদের অসতর্ক চলাচলও ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি আরও জানান, দোহাজারীর পর এই রেলপথে ট্রেন ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলাচল করে। ফলে সংঘর্ষ ঘটলে প্রাণহানির আশঙ্কা বেশি থাকে।
এ পরিস্থিতি মোকাবিলায় অবৈধ ক্রসিং নিয়ন্ত্রণ, নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন এই রেল কর্মকর্তা।

মন্তব্য করুন