খুলনা মহানগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঘের ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালায়। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া খানজাহান আলী থানার সোনালী জুট মিলের সামনে, আড়ংঘাটার শলুয়া বাজারে, সোনাডাঙ্গার একটি রেস্টুরেন্টে, লবণচরার পশ্চিম টুটপাড়া ও মোহাম্মাদীয়া পাড়ায় এবং খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কে গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, কয়েকটি ঘটনায় চাঁদাবাজির যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আড়ংঘাটার শলুয়া বাজার থেকে একটি তাজা গুলি ও পাঁচটি খোসা উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সব ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।