রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরি হয়।

দোকানটির মালিক অমিত ঘোষের দাবি, দুর্বৃত্তরা প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের প্রকৃত পরিমাণ ও আর্থিক ক্ষতির হিসাব যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, ঘটনার আগে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়। এরপর তাঁরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে। তালা ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে। ফুটেজে নিখোঁজ এক নিরাপত্তাকর্মীকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী। পুলিশ সন্দেহভাজন হিসেবে চার নিরাপত্তাকর্মীকে আটক করেছে।

ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।