ছবি: -সংগৃহীত
আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিকে দলে পাওয়া বড় সুবিধা বলে মন্তব্য করেছেন তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনে। তার মতে, মেসির উপস্থিতি শুধু মাঠের পারফরম্যান্স নয়, পুরো দলের মানসিক শক্তিও বাড়িয়ে দেয়।
সিমেওনে বলেন, মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে প্রতিদিন অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা সতীর্থদের জন্য বড় অনুপ্রেরণা। তার নেতৃত্ব, পেশাদার মানসিকতা এবং দায়িত্ববোধ পুরো দলকে আলাদা আত্মবিশ্বাস দেয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয় তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে ফাইনালে মেসির হাতে ট্রফি ওঠার দৃশ্য নিজের জন্মদিনে দেখা ছিল তার জন্য বিশেষ গর্বের।
সিমেওনে বলেন, অধিনায়ক হিসেবে মেসি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সতীর্থদের পথ দেখান। তার উপস্থিতি দলকে সবসময় স্থির ও লক্ষ্যভিত্তিক থাকতে সাহায্য করে।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করেন তিনি। জুলিয়ানোর মতে, স্কালোনি খেলোয়াড়দের মানসিকতা ভালোভাবে বোঝেন এবং সেই অনুযায়ী দল পরিচালনা করেন, যা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।