রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল পৌনে ৩টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

সফরসঙ্গী হিসেবে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরসূচি অনুযায়ী, তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন চীন সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় শ্রমবাজার, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

অন্যদিকে চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ থেকে ১৭টি দলিলের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ), চুক্তি, অ্যাকশন প্ল্যান এবং প্রটোকল অন্তর্ভুক্ত থাকতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই সফর ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।