সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান এই প্রক্রিয়ায় ভূমিকা রাখছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনার লক্ষ্য একটি সমন্বিত ও স্থায়ী চুক্তির দিকে অগ্রসর হওয়া, যা বিদ্যমান সমঝোতা স্মারকে থাকা সব ইস্যু সমাধান করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, আলোচনার জন্য বিশেষায়িত প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, যারা দুই দেশের মধ্যে সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। পাশাপাশি অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি ফলো-আপ গ্রুপও গঠন করা হয়েছে।

কাতার আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছার ভিত্তিতে এই আলোচনা সফল হবে এবং কূটনৈতিক সমাধানের পথ আরও শক্তিশালী হবে। তারা বলেছে, সংঘাত নিরসনের সবচেয়ে কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।