২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ লড়াই পরিচালনা করবেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটন। মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য ম্যাচের একদিন আগে রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা।
এবারের বিশ্বকাপে এটি হবে বারটনের চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক–প্যারাগুয়ে ও জাপান–সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোয় কলম্বিয়া–সুইজারল্যান্ডের ম্যাচ পরিচালনা করেছেন।
বিশেষ করে তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচে এক অভিনব সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন বারটন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললে ভিএআরের সহায়তায় তাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার ঘটনায় এটিই ছিল প্রথম লাল কার্ডের নজির।
কনকাকাফ অঞ্চলের পরিচিত এই রেফারি নিয়মিত নেশনস লিগ ও গোল্ড কাপে দায়িত্ব পালন করেন। ২০২২ কাতার বিশ্বকাপে অভিষেকের পর এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।
ফ্রান্স-স্পেন ম্যাচে বারটনের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন মাহবোদ বেগি।
এই নিয়োগের মাধ্যমে নতুন ইতিহাসও গড়তে যাচ্ছেন ইভান বারটন। তিনি পুরুষদের ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি।

মন্তব্য করুন