ঢাকা
২৮ আগস্ট ২০২৬

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ

ছবি: -সংগৃহীত

বরগুনা সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিপন হাওলাদার ওই এলাকার বাসিন্দা মো. সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারের সঙ্গে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন শিপন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি শিপনের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা মো. সোহরাব হাওলাদার বলেন, ‘আমি প্রায় ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে, তা আমি জানি না।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় মরদেহটির পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপনকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।