বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইতিহাস, পরিসংখ্যান ও বর্তমান পারফরম্যান্সের বিশ্লেষণে অপটা সুপারকম্পিউটার বলছে, লড়াইটি হবে হাড্ডাহাড্ডি। তবে সম্ভাবনার বিচারে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবলে দুই দলের এখন পর্যন্ত ১৪টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা জিতেছে ২টি এবং বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চে এটি হবে দুই দলের ষষ্ঠ মুখোমুখি লড়াই। আর্জেন্টিনা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৯০ মিনিটের জয় পেয়েছিল ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে, যেখানে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’।
অপটার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৭.৩ শতাংশ, আর্জেন্টিনার ৩২ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ৩০.৭ শতাংশ।
ফাইনালে ওঠার সম্ভাবনার ক্ষেত্রেও ব্যবধান খুবই সামান্য। সুপারকম্পিউটারের হিসাব বলছে, ইংল্যান্ডের ফাইনালে খেলার সম্ভাবনা ৫২.৩ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭.৭ শতাংশ।
যদিও পরিসংখ্যান ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখছে, তবু বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের হিসাব অনেক সময়ই মাঠে কাজে আসে না। তাই লিওনেল মেসির আর্জেন্টিনা ও থমাস টুখেলের ইংল্যান্ডের মধ্যকার এই সেমিফাইনালে যেকোনো ফলই সম্ভব বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

মন্তব্য করুন