বিশ্বকাপের রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর দলের মানসিক দৃঢ়তা ও লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, চাপের মুহূর্তেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলতে পারে।

সেমিফাইনালে ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানে ফাইনালে তুলে নেন।

এর আগেও নকআউট পর্বে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে জয় তুলে নিয়েছে স্কালোনির দল। কেপ ভার্দে ও সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারানোর পাশাপাশি মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, আমার বিশ্বাস, এই দলটি সবচেয়ে ভালো ফুটবল খেলে তখনই, যখন তারা চাপে থাকে। আমরা যখন কঠিন পরিস্থিতিতে থাকি এবং প্রতিপক্ষ সামান্য হলেও দ্বিধায় পড়ে, তখনই সুযোগটি কাজে লাগাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি। এই দল আমাকে ঠিক এমন অনুভূতিই দেয়।

তিনি আরও বলেন, ওদের গোলের পর আমরা সেই ফুটবল খেলেছি, যেটিতে আমরা বিশ্বাস করি। ফুটবল শুধু কৌশল বা পরিকল্পনার বিষয় নয়। শেষ ৪০ মিনিটে আমরা আমাদের বিশ্বাস, সাহস এবং চরিত্রের প্রতিফলন ঘটিয়েছি।