ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার ঘরে বসেই দেখা যাবে। আগামী ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ছবিটি।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে চরকি। এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব পরিকল্পনা বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’
নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে পরিচিতি পান।
ছবির গল্পে শাকিব খানকে দেখা যায় আগুন চরিত্রে। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হলেও বাবার পথ অনুসরণ না করে রক সংগীতকে বেছে নেয় সে। দেশ-বিদেশে খ্যাতি অর্জনের পর ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের জটিলতায় তার জীবন নাটকীয় মোড় নেয়।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবির।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া ছবিতে আরও দুটি গান গেয়েছেন পান্থ কানাই ও অংকন কুমার।
ঈদে মুক্তির পর সিনেমাটি ব্যাপক আলোচনায় এলেও প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য পায়নি। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মাধ্যমে নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে ‘রকস্টার’।

মন্তব্য করুন