মুক্তির আগ থেকেই বিতর্কে থাকা ‘সতলুজ’ সিনেমার জন্য মাত্র ১ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ছবিটির পরিচালক হানি ত্রেহান জানিয়েছেন, মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার প্রতি শ্রদ্ধা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দিলজিৎ।
দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে আলোচনায় থাকা ছবিটি গত ৩ জুলাই নীরবে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। তবে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয় এবং দর্শকদের একাংশ পাইরেটেড সংস্করণে ছবিটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
পরিচালক হানি ত্রেহান জানান, শুরু থেকেই জসওয়ান্ত সিং খালরার চরিত্রে দিলজিৎ দোসাঞ্জকে কল্পনা করেছিলেন তিনি। এমনকি দিলজিৎ রাজি না হলে ছবিটি নির্মাণই করতেন না।
এক সাক্ষাৎকারে ত্রেহান বলেন, ২০২১ সালে প্রায় ৩০ মিনিটের বৈঠকে তিনি দিলজিতের কাছে নিজের গবেষণার নথি ও খালরার ছবি দেখান। সেগুলো দেখেই আবেগাপ্লুত হয়ে যান অভিনেতা।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, দিলজিৎ চিত্রনাট্য কপালে ছুঁইয়ে শ্রদ্ধা জানান এবং বলেন, জসওয়ান্ত সিং খালরার মতো একজন মানুষের চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেওয়া তার কাছে লজ্জার বিষয়। পরে আনুষ্ঠানিকতার জন্য মাত্র ১ রুপি পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত দেন তিনি।
এদিকে, ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে নেওয়ার ঘটনায় পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালতে মামলা হয়েছে। মামলায় ছবিটি পুনরায় মুক্তি এবং সরিয়ে নেওয়ার কারণ প্রকাশের দাবি জানানো হয়েছে।
জানা গেছে, ছবিটির প্রাথমিক নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’। পরে সেন্সর বোর্ডের বিপুল সংখ্যক কাটছাঁটের নির্দেশের পর নাম পরিবর্তন করা হয়। ২০২৩ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনও শেষ পর্যন্ত বাতিল হয়।
ছবিতে পাঞ্জাবে সশস্ত্র আন্দোলনের সময় কথিত ভুয়া বন্দুকযুদ্ধ ও অবৈধ গণদাহের বিরুদ্ধে মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার লড়াই তুলে ধরা হয়েছে।
দিলজিৎ দোসাঞ্জ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, ছবিটি সরিয়ে নেওয়া হতে পারে। তাই দর্শকদের তিনি যেকোনোভাবে ছবিটি দেখার আহ্বান জানিয়েছিলেন।

মন্তব্য করুন