https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। আহতদের মধ্যে ২০ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক। হাসপাতালের চিকিৎসকদের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সংঘর্ষের জেরে সকাল ১০টা থেকে ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিজয় এক্সপ্রেস ও এগারসিন্ধুর এক্সপ্রেস নির্ধারিত স্টেশনে আটকে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, ১৯৯১ সালে গড়ে ওঠা বাজারটি দীর্ঘদিন ‘আকবরনগর-মিরারচর বাজার’ নামে পরিচিত ছিল। তবে সরকারি সাইনবোর্ডে ২০২৩ সালে শুধু ‘আকবরনগর বাজার’ লেখা হলে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধকে কেন্দ্র করে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছিল।