https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় চা বাগান মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি খাতটির টেকসই উন্নয়নে বেশ কিছু প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে বলেন, এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।
তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে চা চাষের অনুপযোগী বাগানে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তারও আশ্বাস দেন।
এ ছাড়া চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান প্রস্তাবের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং চা বাগান মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।