মোদির আপত্তিকর পোস্টার বিতর্কে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ বার পঠিত
ছবি: -সংগৃহীত
কলকাতায় শিক্ষার্থীদের বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি সম্বলিত পোস্টার হাতে থাকার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।
জানা গেছে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম থানাসহ আরও কয়েকটি থানায় অভিযোগ জমা পড়েছে।
ঘটনাটি ঘটে ২৪ জুলাই, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র বিক্ষোভে। অভিযোগ, সে সময় শ্রীলেখা একটি পোস্টার হাতে ছবি তোলেন, যেখানে প্রধানমন্ত্রী মোদির আপত্তিকর ছবি ছিল।
পুলিশ অভিযোগ গ্রহণ করলেও এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগের বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নেননি। তার দাবি, বিক্ষোভের সময় চশমা সঙ্গে না থাকায় পোস্টারে কী ছিল তা তিনি বুঝতে পারেননি। পুলিশের লাঠিচার্জ ও বিশৃঙ্খলার মধ্যেও পোস্টারটি খেয়াল করার সুযোগ পাননি।
অন্যদিকে অভিযোগকারী কেয়া ঘোষ বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন নাগরিক হিসেবেও তিনি বিষয়টিকে আপত্তিকর মনে করেন। তার দাবি, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হবেন।