ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন, দায়িত্ব হারাচ্ছেন মিরাজ গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, প্রকাশিত নতুন আইনের খসড়া মালয়েশিয়ায় সাড়ে ছয় মাসে আটক ৪১ হাজারের বেশি অবৈধ অভিবাসী ঝড়-বৃষ্টির আশঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরানে অভিযান স্থগিতের কারণ জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার মস্তিষ্কের পাঁচ রোগ, চল্লিশের পর যেগুলো নিয়ে বাড়তি সতর্কতা বাজারের নাম নিয়ে ৬ ঘণ্টার সংঘর্ষে নিহত ১, বন্ধ ট্রেন চলাচল ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর

ইরানে অভিযান স্থগিতের কারণ জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২ বার পঠিত
ইরানে অভিযান স্থগিতের কারণ জানালেন ট্রাম্প

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পুনরায় শান্তি সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করায় দেশটিতে চলমান মার্কিন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

স্থানীয় সময় রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা (ইরান) খুব ভদ্রভাবে আমাদের বলেছে, ‘দয়া করে অভিযান থামান, আসুন সাক্ষাৎ করি।’ এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি কোনো চুক্তি না হয়, তাহলে আবার আগের পথেই ফিরতে হবে।”

জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের সামরিক ও কৌশলগত বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান অভিযান শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। টানা ১৩ দিনের সংঘাতের পর ২৫ জুলাই সেন্টকম সামরিক অভিযান স্থগিত করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।

সম্প্রতি ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান ‘হামলার জবাবে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখবে। এ বার্তা ওয়াশিংটনকে আগেই জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

রয়টার্সে ওই তথ্য প্রকাশের একদিন পর ট্রাম্প প্রকাশ্যে জানান, ইরানের সংলাপের আগ্রহই অভিযান স্থগিতের প্রধান কারণ।

তবে এর আগে ২৬ জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরুর কোনো পরিকল্পনা তেহরানের নেই।