https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতজুড়ে সাম্প্রতিক আন্দোলনে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে নতুন করে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটির অভিযোগ, কেন্দ্রীয় সরকার আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়ায় অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজিপি দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছিল। তবে বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জীতেন্দ্র সিংকে উদ্দেশ করে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, তা মানা হচ্ছে না। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দিল্লিতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের আটক, শিক্ষার্থীদের নজরদারি এবং হয়রানির ঘটনাও ঘটছে।
তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং নতুন করে কোনো মামলা দায়ের করা যাবে না। অন্যথায় সিজিপি আবারও রাজপথে আন্দোলনে নামবে।
সংগঠনটি আরও দাবি করেছে, আলোচনায় হওয়া সমঝোতা অনুযায়ী মামলা প্রত্যাহারের লিখিত নিশ্চয়তা আগামীকালের মধ্যে তাদের হাতে তুলে দিতে হবে।
গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজিপি জানিয়েছিল, নিট পরীক্ষার জালিয়াতির ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে চার সপ্তাহ পর আবারও বৈঠক হওয়ার কথা ছিল।
গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচির পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজিপি।