https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে এই ঈদ বোনাসের চেক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনেও এক ব্যতিক্রমী পরিবেশে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। বিকেলে নিজ বাসভবনে আসরের নামাজ আদায় শেষে হেঁটে কার্যালয়ে পৌঁছান তিনি।
তিনি আরও বলেন, সারা দেশের সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য উপহারের চেক হস্তান্তর।
অনুষ্ঠানে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ বোনাসের চেক গ্রহণ করেন।
এর আগেও চলতি বছরের ঈদুল ফিতরে পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল।
ঈদুল ফিতরের সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে একইভাবে উপহারের চেক বিতরণ করা হয়েছে।