ভারতের ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তাকে কটাক্ষ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এর আগে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নাসিরুদ্দিন শাহ আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছিলেন। সে সময় বলিউডের অনেক তারকা নীরব থাকায় তাদের সমালোচনা করে তিনি বলেছিলেন, বিবেক যখন বলবে, তখন তারা কথা বলবেন।

ঝাড়খণ্ডে ফের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন শুরু হলে নাসিরুদ্দিনের সেই মন্তব্য টেনে আক্রমণ করেন কঙ্গনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা পীযূষ মিশ্রের একটি মন্তব্য শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, ঝাড়খণ্ডের চলমান বিক্ষোভ নিয়ে নাসিরুদ্দিন কেন নীরব।

কঙ্গনা লেখেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে কারও ‘কুকুর’। তবে তিনি যে দেশের ‘রুটি খান’, সেই দেশের জন্যই লড়াই করেন বলে দাবি করেন। নাসিরুদ্দিনের আনুগত্য নিয়েও কটাক্ষ করে তাকে ‘শিয়াল’ বলে মন্তব্য করেন কঙ্গনা।

এদিকে ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা নিজেও। তার দাবি, আন্দোলনকারীদের ওপর জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়েছে এবং এ ঘটনার জবাবদিহি প্রয়োজন।

সোমবার ঝাড়খণ্ড বিধানসভার কাছে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও চার পুলিশ সদস্য আহত হন। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বলে কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে।