https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারর্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ওই শিপইয়ার্ডে একটি এলএনজি জাহাজ কাটার সময় ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ইয়ার্ডটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। শুক্রবার বিকেলে বোর্ডের মহাপরিচালক শফিউল আলম তালুকদার এ-সংক্রান্ত স্টপ অপারেশন অর্ডার জারি করেন।
ঘটনাটি তদন্তে বিএসবিআরএ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে সানি দাস, পলাশ দাস, হাবিবুর রহমান, দুই ভাই মনসুর আলী ও নাসির উদ্দিন, খোকন এবং রানা—এই সাতজনের পরিচয় জানা গেছে।