https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার দুপুরে ইন্টারনেটের গতি কমে যায়। প্রায় আড়াই ঘণ্টা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটায় অবস্থিত সি-মি-উই-৫ কেবলটির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বেলা ২টার দিকে সংযোগ পুনরায় সচল করা হয়।
সংযোগ বিচ্ছিন্ন থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। তবে বিকল্প সংযোগ ব্যবহারের কারণে দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কিছুটা কমে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় অবস্থিত সি-মি-উই-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট কোনো সরঞ্জামে ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে ঠিক কোথায় এবং কী কারণে ত্রুটি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিএসসিপিএলসি জানিয়েছে, একটি সাবমেরিন কেবল সাময়িকভাবে অচল হলেও দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। কারণ একাধিক সাবমেরিন কেবল এবং স্থলভিত্তিক বিকল্প আন্তর্জাতিক সংযোগ চালু রয়েছে। ফলে একটি সংযোগ বিচ্ছিন্ন হলে বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহ করা সম্ভব হয়।
কেবলটির সংযোগ পুনরায় সচল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।