https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কলকাতার নিউ মার্কেট এলাকার মারক্যুইস স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগুন লাগার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আগুনের পর নিজের গাড়িতে করে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন বীরেশ্বর। পরে তিনি কলকাতায় ফিরে আসেন।
পুলিশের ধারণা, বীরেশ্বরের দুটি ব্যাংক হিসাব ফ্রিজ থাকায় নগদ অর্থের সংকট তৈরি হয়েছিল। এ কারণে তিনি ধানবাদ থেকে কলকাতার বাড়িতে ফিরে আসতে পারেন। তবে কেন তিনি আত্মগোপনে যাওয়ার পর আবার বাড়িতে ফিরলেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে নয়জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি ও দুজন ভারতীয়। ঘটনার পর হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।
অভিযোগ রয়েছে, মাত্র ১১০০ বর্গফুট জায়গায় পাঁচটি কক্ষ তৈরি করে হোটেল পরিচালনা করা হচ্ছিল। অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় নিয়মও মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা হোটেলের নির্মাণকাঠামো, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদনসংক্রান্ত বিষয় খতিয়ে দেখছেন।
এর আগে হোটেলটির ইজারাদার হিসেবে নিবন্ধিত আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই বীরেশ্বরের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে ধারণা করছে পুলিশ।
এখন বীরেশ্বরকে জিজ্ঞাসাবাদ করে অগ্নিকাণ্ডের আগে ও পরে তার ভূমিকা, হোটেলের নিরাপত্তাব্যবস্থা এবং ঘটনার পর আত্মগোপনের কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা।