https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন। সেখানে তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সূত্রটি জানায়, র্যাটক্লিফ রাতারাতি মস্কো সফরে যান। তবে সফরের উদ্দেশ্য বা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সিআইএও।
র্যাটক্লিফের মস্কো সফরের আগে রাশিয়ার বিভিন্ন শহরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাময়িকভাবে বন্ধ রাখার জন্য কিয়েভকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত হামলা স্থগিত রাখার অনুরোধ করা হয়েছিল।
ইউক্রেনকে জানানো হয়েছিল, এ সময় যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়া সফর করবেন। তবে ওই কর্মকর্তা যে র্যাটক্লিফ, তা তখন প্রকাশ করা হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ায় এটিই র্যাটক্লিফের প্রথম সফর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা যখন স্থবির হয়ে আছে, তখন তার এই গোপন সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরের দিন মঙ্গলবার ভোরে একটি মার্কিন সামরিক পরিবহন বিমান মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার থ্রি বিমানটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে।
লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রিগা থেকে ছেড়ে যাওয়া বিমানটির রাশিয়ায় যাওয়ার বিষয়টি যথাযথভাবে সমন্বয় ও অনুমোদন করা হয়েছিল। তবে বিমানটি লাটভিয়ার সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।
র্যাটক্লিফের রাশিয়ায় অবস্থানের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।