https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর ধাপে ধাপে আগামী বছরের ২৭ মে পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে মোট সাত ধাপে ভোট নেওয়া হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে ৩০ ডিসেম্বর।
চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। পঞ্চম ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসি জানিয়েছে, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী সূচিতে পরিবর্তন আসতে পারে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচন আয়োজনের কার্যক্রমের তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হবে।