প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ বলেছেন, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর কাজ চলছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বায়রার সাবেক সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে তাদের দাবিসংবলিত স্মারকলিপি দেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করা হয়েছে।
সচিব জানান, শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান। তবে এ সুযোগে দালাল ও মধ্যস্বত্বভোগীরা যাতে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণে প্রশাসনিক কার্যক্রম চলছে। এ বিষয়ে চূড়ান্ত তথ্য যথাসময়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বায়রার সাবেক প্রতিনিধিরা ৩১২টি তালিকাভুক্ত এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানান।



মন্তব্য করুন