কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

বুধবার রাতে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে অভিযানটি চালানো হয়।

অভিযানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, এমন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করছে পুলিশ।

যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, কিশোর গ্যাং ও বখাটেদের নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।