ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পর নতুন খেলায় নাম লেখানোর পরিকল্পনা করছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। গলফার হওয়ার স্বপ্ন কিছুটা পিছিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলে কিকার হওয়ার আগ্রহ এখনো রয়েছে তার।
৩৩ বছর বয়সী কেইন বর্তমানে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমে মোট ৭৩ গোল করেছেন তিনি। বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ের পর বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারকে ব্যালন ডি’অরের সম্ভাব্য প্রার্থীদের তালিকাতেও রাখা হচ্ছে।
তবে ফুটবলের বাইরেও ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কেইন। তিনি জানিয়েছেন, আগামী পাঁচ-ছয় বছরে ক্যারিয়ারের পরিস্থিতি, প্রেরণা ও নিজের ইচ্ছার ওপর নির্ভর করে এনএফএলে কিকার হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
গলফের তুলনায় এনএফএলকে বেশি বাস্তবসম্মত বিকল্প মনে করেন কেইন। ফুটবলে পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতাকেও এনএফএলে কিকার হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সুবিধা হিসেবে দেখছেন তিনি।
কেইনের মতে, পেনাল্টি নেওয়ার সময় যে চাপ থাকে এবং এনএফএলে কিকার হিসেবে বল গোলপোস্টের মাঝ দিয়ে পাঠানোর সময় যে চাপ তৈরি হয়, দুটির মধ্যে কিছুটা মিল রয়েছে।

মন্তব্য করুন