বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজন করতে কোটি কোটি টাকা খরচ করা হলেও দেশের মেধাবী শিল্পীদের জন্য কেন একইভাবে বড় পরিসরে সুযোগ তৈরি হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন ওয়ারফেজের সাবেক গিটারিস্ট অনি হাসান। বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজকদের আগ্রহের বিপরীতে দেশি শিল্পীদের পর্যাপ্ত শো না পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এক পোস্টে অনি হাসান বলেন, দেশের অনেক শিল্পী পর্যাপ্ত কাজের সুযোগ না পেয়ে ধীরে ধীরে হতাশ ও নিরুৎসাহিত হয়ে পড়ছেন। তার প্রশ্ন, বিদেশি শিল্পীদের আনতে যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, সেই অর্থের একটি অংশ দিয়ে দেশের শিল্পীদের নিয়ে বড় কনসার্ট, ভালো প্রযোজনা কিংবা মানসম্মত আয়োজন করা যায় না কেন?

অনি হাসানের ভাষ্য, বিদেশি শিল্পীদের আনার জন্য কোটি কোটি টাকা খরচ করা সম্ভব হলেও দেশের মেধাবী শিল্পীরা পর্যাপ্ত শো পাচ্ছেন না। তার মতে, বাইরের শিল্পীদের এভাবে প্রচার ও সুযোগ দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্পীদের জন্যও বড় পরিসরে কাজের ক্ষেত্র তৈরি করা প্রয়োজন।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে নিয়ে বাংলাদেশে বড় পরিসরে কনসার্ট আয়োজনের উদ্যোগ দেখা গেছে। কিছু আয়োজন অনুষ্ঠিত হলেও কয়েকটি শেষ মুহূর্তে স্থগিতও হয়েছে। এসব আয়োজনে বিদেশি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীদেরও পারফর্ম করার কথা ছিল।

অনি হাসান মনে করেন, বিদেশি শিল্পীদের জন্য ব্যয় করা অর্থের একটি অংশ দেশীয় শিল্পীদের নিয়ে ভালো প্রযোজনা ও বড় আয়োজনেও বিনিয়োগ করা যেতে পারে। এতে শিল্পীরা যেমন আরও বেশি কাজের সুযোগ পাবেন, তেমনি দেশের সংগীতাঙ্গনও সমৃদ্ধ হবে।

মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে সংগীতজীবন শুরু করেন অনি হাসান। ক্যারিয়ারের শুরুতে ভাইব ব্যান্ডের সঙ্গে কাজ করেন। পরে ভাইব ভেঙে গেলে ওয়ারফেজে যোগ দেন। উচ্চশিক্ষার জন্য ২০১১ সালে বাংলাদেশ ছাড়েন তিনি। বর্তমানে চীনে বসবাস করছেন এই গিটারিস্ট। প্রায় এক যুগ আগে ওয়ারফেজের সঙ্গে ঢাকার মঞ্চে শেষবার দেখা গিয়েছিল তাকে।