সংবিধানের প্রস্তাবনাসহ বেশ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন এনে আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা করছে সরকার।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের গণমাধ্যম কেন্দ্রে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এসব মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোট আয়োজন করতে হবে।
কমিটির আলোচনায় ‘জুলাই জাতীয় সনদ’কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও সংশোধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের বিষয়টি সরকারের ইশতেহারের প্রতিশ্রুতি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহজে বাতিল করা না যায়, এমন সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিএনপির একটি প্রস্তাবও কমিটির কাছে এসেছে।
তিনি জানান, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। এরপর আইন মন্ত্রণালয় সংশোধন বিল প্রস্তুত করবে। বিলটি জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে উঠতে পারে। সংসদে আলোচনা ও সংশোধনী শেষে বিল পাস হলে সংশ্লিষ্ট বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলগুলোর অংশগ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কমিটিতে যোগ দিলে সরকার স্বাগত জানাবে এবং ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চায়।

মন্তব্য করুন