দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি জানায়, এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে। তিনি খুলনার রূপসা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে রূপসা থানায় হত্যা মামলাটি করা হয়। মামলায় আটজনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে সন্ত্রাসী হিসেবে পরিচিত এরশাদ শিকদার ছিলেন এক নম্বর আসামি। মামলার পর থেকেই জয়নাল আত্মগোপনে ছিলেন।

আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর জয়নালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া লাশ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জয়নাল বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, জয়নালকে থানায় হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।