গাজীপুরে প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, মামলার শুনানি ও হাজিরার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে আনা হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে তাদের কারাগারে ফেরত নেওয়ার সময় পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার কথা জানান।

প্রিজন ভ্যানটি গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার কাছে পৌঁছালে তাকে গাড়ি থেকে নামিয়ে টয়লেটে নেওয়া হয়। এ সময় কৌশলে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে বাকি ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।

কারা অধিদফতরের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, টয়লেটে নেওয়ার পর সেখান থেকেই পিচ্চি রাজা পালিয়ে যান।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হোসেন বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে তিনি প্রিজন ভ্যান থেকে পালানোর সুযোগ পেলেন এবং কারও গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

পুলিশের দাবি, ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক একটি মাদকচক্রের অন্যতম হোতা পিচ্চি রাজা। ওই এলাকায় বিভিন্ন মাদকচক্রের মধ্যে গত আড়াই বছরে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।