কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া তিন আসামি হলেন মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক সুব্রত দেবনাথ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটায় ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন ব্যক্তি বেআইনিভাবে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।
পরে হামলাকারীরা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। লুট হওয়া মালামালের মধ্যে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যাবল, ক্যামেরা ও পেশাদার ভিডিও সরঞ্জাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
মামলায় প্রকল্পটির প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন