রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে চার থানার অপারেশন ও তদন্ত শাখার চার পরিদর্শককে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলি করা হয়।

শাহআলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজীব হোসেন। এছাড়া লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন পরিদর্শক সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন এবং মুগদা থানার তদন্ত কর্মকর্তা শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা করা হয়েছে। লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর এক আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, হামলার সময় পুলিশ উপস্থিত থাকার পরও ঘটনা ঠেকানো যায়নি, এ নিয়ে পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাটি জানার পর সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তদন্তে এসব বিষয় দেখা হবে।

এ ঘটনায় দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।