সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে এখনো ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া বাকি রয়েছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত তাদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হওয়ায় প্রার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার কাজ শুরু করে। যাচাই-বাছাইয়ের সময় অনেকের ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন বিষয় সামনে এসেছে। এসব তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে।

মন্ত্রী বলেন, কিছু গণমাধ্যমে এমনভাবে খবর প্রকাশ করা হয়েছে, যেন নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। অথচ সংশ্লিষ্টদের চূড়ান্ত চিঠি দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

ড. এহছানুল হক মিলন বলেন, বর্তমানে ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া বাকি রয়েছে। তাদের ভেরিফিকেশন ও প্রয়োজনীয় ঠিকানা-সংক্রান্ত তথ্য পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে। এই প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।